ব্রাহ্মণবাড়িয়ার আরও দুই ওসিকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আরও দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তর এক আদেশে জেলার বিজয়নগর ও নাসিরনগর থানার ওসিকে বদলি করেন। বুধবার রাতেই তাঁদের বদলিসংক্রান্ত আদেশ জেলা পুলিশের কাছে পৌঁছে।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমানকে রংপুর ও নাসিরনগর থানার ওসি এ টি এম আরিচুল হককে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় গত মার্চ মাসে তিন দিনের সহিংসতার পর জেলা পুলিশে বদলির হিড়িক পড়েছে। ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা বদলি হয়েছেন। এ নিয়ে পুলিশের মোট ২২ সদস্যকে বদলি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন বলেন, জনস্বার্থে দুই ওসিকে বদলি করা হয়েছে। তবে ওই দুই থানায় এখনো নতুন কাউকে পদায়ন করা হয়নি।

জানা গেছে, গত ২৭ মে রাতে পুলিশ সদর দপ্তর এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২৫ মে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় এক আদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে কর্মরত ১৩ জন উপপরিদর্শককে (এসআই) একযোগে ছয় জেলায় বদলি করা হয়। এ ছাড়া গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার ঘটনার পর একজন জ্যেষ্ঠ এএসপি, দুজন ওসিসহ পুলিশের আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল সদর থানার ওসি মো. আবদুর রহিমকে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করে পুলিশ সদর দপ্তর। ২৭ এপ্রিল জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন আহমেদ চৌধুরীকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে ও বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেনকে গাজীপুরে বদলি করা হয়। ৯ মে সরাইল থানার ওসি এ এস এম নাজমুল আহমেদকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়। গত ১১ মে রাতে সদর থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে রাঙামাটি ও জেলা পুলিশ ১৯ মে সদর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানকে পুলিশ সুপার কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষে পদায়ন করে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ও ঢাকার বায়তুল মোকাররমের ঘটনার প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা চালানো হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে।