ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নামগুলো ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নবীনগরে ২১টির মধ্যে ১৩টি ইউপিতে এবং বাঞ্ছারামপুরের ১৩টির মধ্যে ১১টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে।
নবীনগরের ১৩টি ইউপির ৪টিতে বর্তমান ইউপি চেয়ারম্যান এবং ৯টি ইউপিতে নতুন মুখকে মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলার নবীনগর পশ্চিম ইউপিতে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ মিয়া, ইব্রাহিমপুরের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, জিনোদপুরের বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ, রসুল্লাবাদে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, নবীনগর পূর্ব ইউপিতে মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, শ্রীরামপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. সৈয়দুজ্জামান, সাতমোড়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ, শ্যামগ্রামে শামসুজ্জামান খান, বড়কান্দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, ছলিমগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল হক সিকদার, রতনপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, বীরগাঁওয়ে আনোয়ার হোসেন এবং লাউরফতেহপুরে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান।
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নবীনগরে ২১টির মধ্যে ১৩টি ইউপিতে এবং বাঞ্ছারামপুরের ১৩টির মধ্যে ১১টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে।
বাঞ্ছারামপুরের ১১টি ইউপির মধ্যে ৬টিতে বর্তমান চেয়ারম্যান এবং বাকি ৫টিতে নতুন মুখকে মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলার পাহাড়িয়াকান্দিতে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজীউর রহমান, ছয়ফুল্লাকান্দিতে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, দরিকান্দিতে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর সদরে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুর রহিম, উজানচরে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান, সোনারামপুরে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. শাহীন, তেজখালী ইউপিতে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম শহিদুল হক, ফরদাবাদে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, রূপসদীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হাকিম, ছলিমাবাদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন এবং মানিকপুরে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ।