ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় গ্রেপ্তার আরও ৪
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হেফাজতের কর্মী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আখাউড়া উপজেলার আদিলপুর গ্রামের বাসিন্দা বর্তমানে শহরের কলেজপাড়ায় বসবাসকারী আজহার উদ্দিন ভূঁইয়া (২৩), সরাইল কালিকচ্ছের বাসিন্দা মো. মোস্তফা (২২), সদর উপজেলার মালিহাতা গ্রামের কামাল হোসেন (৩৫) ও আশুগঞ্জ চরচারতলা গ্রামের সাদ্দাম হোসেন (২৯)। তাঁদের মধ্যে আজহারকে গত ২৬ মার্চ এবং মোস্তফা, কামাল ও সাদ্দামকে ২৮ মার্চের সহিংসতার ঘটনায় গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় গত দুই মাস তিন দিনে ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী। ৫৬টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা শুরু করেছে।
২৬ ও ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহর ও সদর উপজেলার নন্দনপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক।