ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় দুই মাসে গ্রেপ্তার ৫০৬
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
এ নিয়ে সহিংসতার ঘটনায় গত দুই মাসে মোট গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫০৬। পুলিশের ভাষ্য, নতুন গ্রেপ্তার হওয়া তিনজন হেফাজতের কর্মী।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।
দুই মাসে গ্রেপ্তার হওয়া ৫০৬ জনের মধ্যে ২৫ জন হেফাজত নেতা, ৪২৩ জন হেফাজতের কর্মী-সমর্থক, ৫৬ জন বিএনপির ও ২ জন জামায়াতে ইসলামের নেতা-কর্মী।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে, যাঁদের মধ্যে ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।
২৬ ও ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহর ও সদর উপজেলার নন্দনপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হন।
এদিকে ৫৬টি মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২ ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়েছে। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা শুরু করেছে।