ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে তরুণকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া (১৯) নামের এক তরুণকে হত্যা করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের নিয়ামুল ভূঁইয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আহাম্মদপুর গ্রামের বখাটে মো. প্রদীপ (২০), মো. রাফি (২১) ও শিমুল মিয়া (২০) ওই গ্রামের একটি মেয়েকে বেশ কয়েক দিন ধরে উত্ত৵ক্ত করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় রাফি ভূঁইয়া ও ওই মেয়ের ভাইসহ স্থানীয় চার-পাঁচজন তরুণ মো. রাফি, প্রদীপ ও শিমুলকে ডেকে আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান। কথাবার্তার একপর্যায়ে প্রদীপ সেখান থেকে চলে যেতে চান। এ সময় রাফি ভূঁইয়া তাঁকে বাধা দেন। তখন প্রদীপ তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে রাফির বুকের মাঝখানে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় রাফি ভূঁইয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাফি ভূঁইয়া নামের তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।