ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার নমুনা দিতে গিয়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে ইকবাল হোসেন (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
ইকবালের পরিবারের সদস্যরা বলেন, এক সপ্তাহ ধরে জ্বর–সর্দিতে ভুগছিলেন ইকবাল। আজ সকালে তিনি করোনার নমুনা পরীক্ষার জন্য জেনারেল হাসপাতাল চত্বরের বিএমএ ভবনের সামনে লাইনে দাঁড়ান। সেখানে ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। একপর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া এই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এই ব্যক্তির করোনার উপসর্গ ছিল। পরিবারের লোকজন তাঁর লাশ নিয়ে বাড়ি চলে গেছেন।