ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে সৈয়দ শাহনেওয়াজ (৫০) নামের একজন দন্ত চিকিৎসক মারা গেছেন। আজ রোববার ভোর পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করতেন। 


হাসপাতাল ও ওই চিকিৎসকের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে হঠাৎ শাহনেওয়াজের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। ভোররাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে হাসপাতালেই আজ ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে নিহত ব্যক্তির লাশ কাজীপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই চিকিৎসক সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। আমরা যখন শুনেছি, তখন ছয় ঘণ্টা দেরি হয়ে গিয়েছিল। সে সময় নমুনা নেওয়া না নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা তিনজনকে আমরা শনাক্ত করেছি। তাঁরা আগামীকাল আমাদের কার্যালয়ে এসে নমুনা দিয়ে যাবেন। আর তাঁর পরিবারের সদস্যদের আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালের লোকজন ওই চিকিৎসকের নমুনা নিতে চেয়েছিল। কিন্তু তাঁর পরিবারের লোকজন করোনার পরীক্ষা করাবেন না জানিয়ে লাশ নিয়ে চলে যান।