ব্রাহ্মণবাড়িয়ায় কিট-সংকটে করোনার অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা
ফাইল ছবি

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কিট-সংকটের কারণে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তিন দিন ধরে হাসপাতালে তাৎক্ষণিক করোনা পরীক্ষার ফলাফল জানার অ্যান্টিজেন পরীক্ষা করতে পারছেন না রোগীরা। এতে দুর্ভোগে পড়েছে দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের সাধারণ রোগীরা। এতে করোনার সংক্রমণ পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। এখন কেবল ঢাকার পিসিআর ল্যাবে করোনার পরীক্ষার জন্য হাসপাতালে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

হাসপাতালে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনেরা জানান, র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে কেউ করোনায় আক্রান্ত কি না, সেটি তাৎক্ষণিকভাবে জানতে পারতেন। কিন্তু ঢাকায় পিসিআর ল্যাবের পাঠানো নমুনার ফলাফল জেলায় আসতে ১০ থেকে ১৫ দিন সময় লাগছে। কখনো কখনো ১৭ দিনও সময় লেগে যায়। কিট–সংকটে অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ থাকায় উপসর্গধারী কেউ করোনায় আক্রান্ত কি না, তা তাৎক্ষণিক জানার আর সুযোগ নেই।

হাসপাতালের প্যাথলজি বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার জন্য প্রথম দফায় ৫০০ কিট, দ্বিতীয় দফায় ৬ হাজার, তৃতীয় দফায় ৪ হাজার এবং চতুর্থ দফায় ২ হাজার কিট পাঠানো হয়। গত বছরের ৫ ডিসেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের গত সোমবার পর্যন্ত হাসপাতালে ১১ হাজার ৬৮টি অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। প্রতিদিন হাসপাতালে ১৫০ থেকে ২০০ রোগীর অ্যান্টিজেন পরীক্ষা করা হতো। হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ২০৭ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে।

ঢাকায় পিসিআর ল্যাবের পাঠানো নমুনার ফলাফল জেলায় আসতে ১০ থেকে ১৫ দিন সময় লাগছে। কখনো কখনো ১৭ দিনও সময় লেগে যায়।

জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, ‘৭ আগস্ট আমার শিশু মেয়ে, মা–বাবাসহ পরিবারের সাত সদস্যের অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা দিই। আমার ফলাফল নেগেটিভ এলেও শিশু মেয়েসহ পরিবারের ছয়জন সদস্যের করোনা ফলাফল পজিটিভ আসে। একই দিন সবাই ঢাকার পিসিআর ল্যাবের জন্য নমুনা দিয়েছি। গত ২৩ আগস্ট নমুনার ফলাফল পেয়েছি। সবার ফলাফল নেগেটিভ আসে।’ তিনি বলেন, ‘পিসিআর ল্যাবের ফলাফল পেতে ১৬ দিন অপেক্ষা করতে হয়েছে। পিসিআর ল্যাবের ফলাফল আরও কম সময়ে পেলে রোগীসহ তাঁদের পরিবারের অনেক উপকার হবে। স্বাস্থ্য বিভাগের এই জায়গায় কাজ করা দরকার।’

মাহমুদুল হাসান নামে এক স্কুলশিক্ষক বলেন, ‘আগে আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যান্টিজেন পরীক্ষা করাতে পারতাম। এখন সেটিও বন্ধ রয়েছে। যদি পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া যায়, তাহলে এটি নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু বিপত্তিটা হলো, পিসিআর ল্যাবের ফলাফল পেতে এখন ১০-১৫ দিন সময় লেগে যায়। এতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত অ্যান্টিজেন পরীক্ষার জন্য কিট সরবরাহের জন্য সরকারসহ স্বাস্থ্য বিভাগের কাছে অনুরোধ রইল।’

কোহিনুর আক্তার নামে এক নারী বলেন, ‘দাপ্তরিক কাজের জন্য কার্যালয়ে যোগদান করতে অ্যান্টিজেন পরীক্ষা করাতে এসেছি। কিন্তু কিট–সংকট। পিসিআর ল্যাবের জন্য নমুনা দেওয়ার পর জানানো হলো, ফলাফল আসতে সময় লাগবে। আগে আধঘণ্টার মধ্যে করোনার অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল জানা যেত। যদি ১০ থেকে ১২ দিন পর করোনা পরীক্ষার ফলাফল আসে, তাহলে তো সমস্যা। কিন্তু পরিবার ও চাকরির জন্য আমাকে চলাফেরা তো করতে হবে। ১০-১২ দিন পর যদি করোনার ফলাফল পজিটিভ আসে, তাহলে তো আমার সংস্পর্শে আসা মানুষের মাঝে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়বে।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের প্রধান সমন্বয়ক চিকিৎসক মো. এনামুল হাসান প্রথম আলোকে বলেন, কিট–সংকটের কারণে বর্তমানে হাসপাতালে করোনার অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ রয়েছে। তবে করোনার পিসিআর ল্যাবের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি মাসের গত সোমবার পর্যন্ত হাসপাতালে ১১ হাজার ৬৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহিদুজ্জামান জানান, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ থেকে হাসপাতালে কিট সরবরাহ করা হয়। কিন্তু মজুত শেষ হয়ে যাওয়ায় কিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কিটের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সঙ্গে যোগাযোগ করেছেন। সেখান থেকেও তারা অ্যান্টিজেন পরীক্ষার কিট দিতে পারেনি। কিট পেলে আবার অ্যান্টিজেন কার্যক্রম শুরু হবে।