ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ দুই শিশুর লাশ বিল থেকে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের পরের দিন বিল থেকে মো. হোসাইন (৭) ও মো. মুরসালিন (৬) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোল্লাইর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত হোসাইন ডালপা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং মুরসালিন একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে। গতকাল সোমবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল।
দুই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ডালপা গ্রামের হোসাইন, মুরসালিনসহ ছয়–সাতটি সমবয়সী শিশু খেলতে বের হয়। বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। তখন দুই শিশুর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। দিনভর উপজেলার বিভিন্ন এলাকা ও স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন রাত নয়টার দিকে বিষয়টি বিজনগর থানা–পুলিশকে জানায়। আজ সকালে গ্রামের লোকজন কোল্লাইর বিলে দুই শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, বিলে দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পুলিশ শিশুদের লাশ উদ্ধার করেছে। তাদের লাশ ফুলে গেছে এবং লাশের বিভিন্ন অংশ মাছ খেয়েছে, এমন চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।