ব্রাহ্মণবাড়িয়ায় পিসিআর ল্যাব ও আইসিইউ শয্যা স্থাপনের দাবি
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দ্রুত কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু, পিসিআর ল্যাব ও আইসিইউ শয্যা স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করে সামাজিক সংগঠন ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড।
সংগঠনের প্রতিষ্ঠাতা নাসির মিয়ার সভাপতিত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার সাধারণ সম্পাদক অসীম কুমার বর্ধন, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের সদস্যসচিব ফরহাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাছির, কাজী তানভীর এবং জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদসহ অন্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
নাসির মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে প্রতিনিয়ত রোগীরা অক্সিজেন সংকটে ভুগছেন। দেশের বেশ কয়েকটি উপজেলা ও জেলায় পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) আছে। অনেক হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন এবং প্ল্যান্ট স্থাপন আরও আগেই হয়েছে। তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্য আমাদের জেলায় এসবের কিছুই নেই। অথচ এটি আখাউড়া-আগরতলা সীমান্তবর্তী জেলা। এই জেলার গুরুত্ব অনেক বেশি। তাই সরকারের কাছে আমাদের দাবি ও অনুরোধ, দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এসব স্থাপন ও চালু করা হোক।’
এ বিষয়ে জানার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ভ্যাকুয়াম প্ল্যান্ট স্থাপন করা হবে।