ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আলোর সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. শাহাদৎ হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রাতে দুজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার প্রধান আসামি রোমান মিয়াকে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামি রোমান মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার রউফ মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। পাশাপাশি সৈনিক লীগের আহ্বায়ক জুম্মান মিয়ার ছোট ভাই।
আহত সাংবাদিক শাহাদৎ হোসেন বাদী হয়ে গতকাল রাতে রোমান মিয়া ও তাঁর বড় ভাই জুম্মান মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন। রোমান ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বিরাসার এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম আজ সকালে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
রেলস্টেশনের গেটকিপার মুরাদুল ইসলামকে রোমান মিয়া মারধর করেছেন জানতে পেরে বিষয়টি যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানান শাহাদৎ হোসেন। এতে রোমান তাঁর ওপর চড়াও হন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রথম আলোকে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক শাহাদৎ হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’