ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, দৌড়ে থানায় গিয়ে রক্ষা
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে শরীফ উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি আহত অবস্থায় দৌড়ে সদর থানায় গিয়ে রক্ষা পান। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে জেলা শহরের টিএ রোড এলাকায় ফকিরাপুলের (ঘোড়াপট্টি সেতু) দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে।
শরীফ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের মৃত আবুল ফয়েজের ছেলে। তিনি ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন।
আহত শরীফের চাচা সুবা মিয়া প্রথম আলোকে বলেন, ‘গ্রামের মিজান মিয়া ও হান্নান মিয়ার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছে। আমার ভাতিজা শরীফ ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করে। প্রতি শুক্রবার সে গ্রামের বাড়িতে আসে। শুক্রবার দুপুরে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া আসার পর রিকশায় শহরের ভেতরে যাচ্ছিল। শহরের প্রধান সড়ক টিএ রোডের ফকিরাপুলের দক্ষিণ পাশ অতিক্রমের সময় পাঁচ-ছয়জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরাও করে শরীফকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আহত অবস্থায় সে দৌড়ে সদর থানার ভেতরে গিয়ে প্রাণে রক্ষা পায়।’
সুবা মিয়া আরও বলেন, আহত অবস্থায় শরীফকে পুলিশ সদস্যরা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মহিউদ্দিননগর গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে মামলাও চলমান। ওই বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। শরীফ দৌড়ে থানায় এসে রক্ষা পান। হামলাকারী কয়েকজনের নাম জানা গেছে। গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।