ব্রাহ্মণবাড়িয়ায় ভেকুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভেকুর সঙ্গে ধাক্কা লেগে মো. শাহিন পাণ্ডব (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাধিকা-শিবপুর আঞ্চলিক সড়কের জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন সুলতানপুর ইউনিয়নের হাবলা উচ্চ গ্রামের মো. আরজ উদ্দিনের ছেলে। তিনি প্রসাধনীর ব্যবসা করতেন।
স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শাহিন মারা যান।
নিহত ব্যক্তির চাচাতো ভাই কাজল মিয়া বলেন, আজ সকালে হাবলা উচ্চ গ্রাম থেকে মোটরসাইকেলে করে রাধিকা বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন শাহিন। পথে রাধিকা-শিবপুর আঞ্চলিক সড়কের জাঙ্গাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা নির্মাণে ব্যবহৃত একটি ভেকুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে শাহিন ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শাহিন মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।