ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিকের ৬২ শতাংশ বই পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় প্রতিদিনই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বই আসছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিকের শতভাগ বই এখনো পৌঁছায়নি। আজ শনিবার পর্যন্ত জেলায় চাহিদার ৬২ শতাংশ বই এসে পৌঁছেছে। এদিকে অষ্টম শ্রেণির শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বই এসেছে। তবে বই বিতরণ কার্যক্রম–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষার্থী বই হাতে পাবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৪১ লাখ ৮৬ হাজার বইয়ের চাহিদা রয়েছে। এ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ বই পৌঁছেছে। এ বছর মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রমটি সরকার ভিন্নভাবে সাজিয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীকে ৩ ভাগে বিভক্ত করে ১২ দিনের মধ্যে নতুন বই বিতরণ করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম তিন দিন ষষ্ঠ, পরের তিন দিন সপ্তম এবং পর্যায়ক্রমে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সদর উপজেলায় মাধ্যমিকের ৬ লাখ ৮ হাজার ৯৩০ বই, দাখিলের ৬৬ হাজার ৬৪০ বই ও এবতেদায়ির ৩১ হাজার ৬০০ বইয়ের চাহিদা রয়েছে। গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫০০ বই এসেছে। প্রায় প্রতিদিনই আসছে। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এদিকে আজ দুপুর ১২টার দিকে জেলার নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। করোনার কারণে অনেকটা অনাড়ম্বর পরিবেশেই বছরের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বছরের প্রথম দিনেই আজ ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে
ছবি: প্রথম আলো

এ সময় সেখানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য্য, নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির স্বর্ণা আক্তার ও ষষ্ঠ শ্রেণির তানজিনা আক্তার নোভা বলে, ‘করোনা মহামারির মধ্যে সময়মতো বই পাব, সেটা আমরা ভাবতে পারিনি। কিন্তু বছরের প্রথম দিনই বই পেয়ে আনন্দ লাগছে।’

বই বিতরণ শেষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক পর্যায়ের প্রায় ২৩ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ৪১ লাখ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হবে। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের সব বই এসেছে। তবে মাধ্যমিক পর্যায়ের কিছু বই এখনো আসেনি। পর্যায়ক্রমে সবগুলো বই শিক্ষার্থীদের দেওয়া হবে।