ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় আগরতলা-সুলতানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা এনামুল ইসলাম (২৫), দাতিয়ারার নাজিম ভূঁইয়া (২৭) ও আশুগঞ্জ উপজেলার বগইরের নাজেল হোসেন (২৫)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে তিন বন্ধু আগরতলা-সুলতানপুর সড়ক দিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। সড়কের সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিম ভূঁইয়া ও নাজেল হোসেন নিহত হন। তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। আহত এনামুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে গতকাল রাত দুইটার দিকে মারা যান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় গতকাল রাত ৮টার দিকে দুজন নিহত হন। তাঁদের সঙ্গে থাকা আরেকজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান।
আজ রোববার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে একসঙ্গে তিন বন্ধুর জানাজা হয়।