ব্রাহ্মণবাড়িয়ায় সহিংতার ঘটনায় গ্রেপ্তার আরও ৪
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তাঁরা হেফাজতের কর্মী। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৫১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার দুই মাস এক দিন। এই সময়ে গ্রেপ্তার ৫১০ জনের মধ্যে ২৫ জন হেফাজতের নেতা, ৪২৭ জন হেফাজতের কর্মী-সমর্থক, ৫৬ জন বিএনপির নেতা–কর্মী ও দুজন জামায়াতে ইসলামের নেতা–কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী। ৫৬টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক।