ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা হেফাজতের কর্মী। এসব ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত গত ২ মাসে ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ৫৬টি মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা । ৫৬টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।

গতকাল মধ্যরাত থেকে আজ সকাল নয়টা পর্যন্ত পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সদর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত ২ মাসে সহিংসতার ঘটনায় ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন বেলা একটার দিকে প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হেফাজতের কর্মী। আদালতের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।