ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ঘটনায় জড়িত অভিযোগে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তাঁরা হেফাজতের কর্মী। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত গত দুই মাসে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার দুই মাস তিন দিন। এ সময়ে গ্রেপ্তার ৫১৭ জনের মধ্যে ২৫ জন হেফাজত নেতা, ৪৩৪ জন হেফাজতের কর্মী-সমর্থক, ৫৬ জন বিএনপির নেতা–কর্মী ও ২ জন জামায়াতে ইসলামের নেতা–কর্মী। পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী। ৫৬টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক।