ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে ৭৫ জনের করোনা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৫৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে জেলায় শনাক্তের হার ২৯ দশমিক ৪১ শতাংশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনার নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, শনাক্ত ব্যক্তিদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২৭ জন, সরাইলের ১৯, আশুগঞ্জের ৭, নবীনগরের ৭ ও কসবার ২৫ জন রয়েছেন।
গতকাল সোমবার জেলায় ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এ সময় শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৫৭ শতাংশ। আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৪০ জন। শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৫ শতাংশ।
মহামারি শুরুর পর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পর্যন্ত ১২ হাজার ৭৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ১৮১ জন। ২০২০ সালের ১০ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে। স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য ও অসচেতনতা রয়েছে। এতে সংক্রমণ বাড়ছে। আর ভাইরাসজনিত রোগ সারা দেশে একসঙ্গেই বাড়ে। তবে কয়েক দিন ধরে জেলায় লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতেই হবে।