ব্র্যাকের সহায়তায় স্বাবলম্বী হওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক কারখানার কাজের উপর প্রশিক্ষণ নিচ্ছেন কয়েকজন
ছবি: প্রথম আলো

অভাবে টিকতে না পেরে কিশোরগঞ্জ ছেড়ে পরিবারের সঙ্গে গাজীপুরে পাড়ি জমান মেঘলা আক্তার (২৬)। জীবিকার তাগিদে বাবা আক্কাস আলী শুরু করেন রিকশা চালানোর কাজ। আর মেঘলা একটি চাকরির খোঁজে ঘুরছিলেন মানুষের দ্বারে দ্বারে। ছোটেন এই কারখনা থেকে ওই কারখানায়। কিন্তু পূর্ব অভিজ্ঞতা বা কাজ জানা না থাকায় কোথাও তাঁর চাকরি হয়নি। এ অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন মেঘলা। সংসার খরচের চাপে পরিবারেও নেমে আসে হতাশা।

তবে থেমে যাননি মেঘলা। বিভিন্ন কারখানা থেকে বারবার ফিরিয়ে দেওয়া হলেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সাধ্যমতো। এর মধ্যেই হঠাৎ খবর পান, একটি বেসরকারি প্রশিক্ষণকেন্দ্রের, যেখানে নতুনদের (অনভিজ্ঞ) প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে চাকরি দেওয়া হয় বিভিন্ন কারখানায়। মেঘলা দেরি না করে ভর্তি হন প্রশিক্ষণকেন্দ্রে। এরপর এক মাসের একটি প্রশিক্ষণ নিয়ে তিনি চাকরি পান একটি পোশাক কারাখানায়।

মেঘলার মতো এমন অনেকের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প গাজীপুরের টঙ্গীর ব্র্যাকের ‘আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় খোলা প্রশিক্ষণ ও সেবাকেন্দ্রটি। যেখানে পোশাক কারখানাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সমাজের বেকার, পিছিয়ে পড়া বা চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের। এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকে।

এই প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ শেষে চাকরি পেয়ে এখন সংসারেও অবদান রাখছেন মেঘলা। তিনি বলেন, ‘আব্বার একার আয়ে সংসার চালানো সম্ভব ছিল না। চাকরিডা পাওয়ায় খুব উপকার হইছে।’

ব্র্যাকের প্রশিক্ষণ ও সেবাকেন্দ্রটি গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল এলাকায় অবস্থিত। এখানে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের জন্য রাখা হয়েছে স্বাস্থসেবা, আইনি পরামর্শসহ শ্রমিকদের সন্তানের জন্য ডে-কেয়ার সুবিধা। কেন্দ্রটি প্রতিদিন সকাল আটটায় চালু হয়ে চলে রাত আটটা পর্যন্ত। শ্রমিক ও অন্য সেবাপ্রার্থীদের পদচারণে কেন্দ্রটি সারা দিনই থাকে সরগরম।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটিতে নানা শ্রেণির মানুষের ভিড়। তাঁদের কেউ এসেছেন প্রশিক্ষণ নিতে, কেউ সেবা, আবার কেউবা আইনি পরামর্শের জন্য। চারতলা ভবনের নিচতলায় একটি বিশাল কক্ষে চলছিল প্রশিক্ষণের কার্যক্রম। পাশেই রাখা হয়েছে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। আর দোতলায় দুটি আলাদা কক্ষে চলছে স্বাস্থ্যসেবা ও আইনি পরামর্শের কার্যক্রম।

সার্বিক বিষয়ে জানতে কথা হয় প্রকল্পের ব্যবস্থাপক (ম্যানেজার) শেখ মুজিবুল হকের সঙ্গে। তিনি জানান, তাঁদের এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে ২০১৭ সালে। চারটি কাজের প্রশিক্ষণ দিয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলাই মূল লক্ষ্য। এখন পর্যন্ত কেন্দ্রটি থেকে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় ৭০০ জন। এর বাইরে প্রতিদিনই চিকিৎসাসেবা ও আইনি পরামর্শ নিতে আসেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন।

মুজিবুল বলেন, ‘আমাদের নিজস্ব কর্মীর মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের খুঁজে বের করা হয়। তা ছাড়া গার্মেন্টসকর্মীরা আমাদের এখান থেকে চিকিৎসাসেবা পেয়েও খুব আনন্দিত। শ্রমিকদের পাশে থাকতে পেরে আমাদেরও খুব ভালো লাগে।’