বড় জাহাজ নেই, ঈদযাত্রায় এবারও ঝুঁকি সন্দ্বীপবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চট্টগ্রাম ছাড়ছেন মানুষ। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকে। চাঁদপুরের উদ্দেশে গতকাল বিকেলে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া একটি ট্রেন l ছবি: জুয়েল শীল
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চট্টগ্রাম ছাড়ছেন মানুষ। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকে। চাঁদপুরের উদ্দেশে গতকাল বিকেলে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া একটি ট্রেন l ছবি: জুয়েল শীল

আড়াই মাস আগে গত ২ এপ্রিল চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে দুর্ঘটনায় ১৮ জন যাত্রীর প্রাণ গেছে। জাহাজ থেকে নেমে তীরে যাওয়ার পথে উত্তাল ঢেউয়ের মুখে অনুমোদনহীন একটি লালবোট উল্টে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে ২০০৬ সালের ৮ জুন ইমরুল কায়েস নামে একটি পণ্যবাহী নৌযান ডুবে ১৫ জনের প্রাণহানি হয়। এসব দুর্ঘটনার পরও চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নেওয়া হয়নি। বড় জাহাজ চলাচল বন্ধ থাকায় এবার ঈদেও ঝুঁকি নিয়ে বাড়ি যতে হবে চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপের মানুষকে।

যাত্রী পারাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হিসাবে প্রতিবছর ঈদের ছুটি শুরুর পর চট্টগ্রাম থেকে সন্দ্বীপ উপজেলায় প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী আসা-যাওয়া করে। এবার সি-ট্রাক সালাম ও এমভি বে ক্রুজার-১ নামের ছোট আকারের দুটি জাহাজে দুই দফায় দৈনিক সর্বোচ্চ ১ হাজার যাত্রী বহন করতে পারবে। বাকি যাত্রীদের ইঞ্জিনচালিত কাঠের নৌকায় ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিতে হবে। ছোট জাহাজের যাত্রীদেরও ঘাট থেকে জাহাজে ওঠানামা করতে হয় নৌকায় চড়ে। এ কারণে তাদের ঝুঁকিও কম নয়।

প্রতিবছর সন্দ্বীপ উপজেলায় গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে চট্টগ্রাম শহর ছেড়ে যান ব্যবসায়ী ও নাট্যকর্মী শামসুল কবির। সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়নের এই বাসিন্দা এবার বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় আছেন। গত বুধবার প্রথম আলোকে তিনি বলেন, ‘নগরের সদরঘাট থেকে যাত্রীবাহী বড় জাহাজে করে প্রতিবার ঈদে বাড়ি যেতাম। এবার বিআইডব্লিউটিসির বড় জাহাজ চলবে না। এখন সাগরও উত্তাল। বাড়ি ফিরতে ঝুঁকি নেওয়া ছাড়া কোনো বিকল্প দেখছি না।’

তবে নিরাপদ যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলেও এবার এই নৌপথে তদারকি থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, এবার কোনো অবস্থাতেই ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়া যাবে না। আবার যাত্রীপ্রতি লাইফ জ্যাকেট রাখতে হবে নৌযানে। সীতাকুণ্ড উপজেলা ও সন্দ্বীপ উপজেলা প্রশাসন থেকে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথের দুই প্রান্তে এই নির্দেশনা মানা হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারক করা হবে। অনুমোদনহীন নৌযানও যাতে চলাচল করতে না পারে, সে জন্যও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বড় জাহাজ চট্টগ্রামের সদরঘাট থেকে হরিশপুরে যাত্রী পারাপার করত। নাব্যতার সংকটে বছর তিনেক আগে এই নৌপথ বন্ধ হয়ে যায়। এর পরিবর্তে সদরঘাট-গুপ্তছড়া রুটে বড় জাহাজে যাত্রী পারাপার শুরু করে সংস্থাটি। সেটিও গত বছর বন্ধ করে দেওয়া হয়। এখন সংস্থাটি কুমিরা-গুপ্তছড়া নৌপথেও ২০০ যাত্রী ধারণক্ষমতার একটি সি-ট্রাক (ছোট আকারের জাহাজ) বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভাড়ায় চালাচ্ছে। এই নৌপথে এলসিটি কাজল নামের আরেকটি জাহাজ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও সেটির এখনো মেরামত শেষ হয়নি।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, এলসিটি কাজল এখন কর্ণফুলী ডক ইয়ার্ডে মেরামত হচ্ছে। এটি যদি আগামী শুক্রবার পাওয়া যায়, তাহলে ওই নৌপথে যুক্ত হবে। এই নৌপথের জন্য নির্মাণাধীন ৫০০ যাত্রী ধারণক্ষমতার জাহাজটি ২০১৮ সালের আগে পাওয়া যাবে না। বড় জাহাজ না থাকায় সে পর্যন্ত ছোট জাহাজেই আসা-যাওয়া করতে হবে যাত্রীদের।

বিআইডব্লিউটিসি ছাড়া জেলা পরিষদের ইজারাদারের ব্যবস্থাপনায় কুমিরা-গুপ্তছড়া নৌপথে ২৫৬ যাত্রী ধারণক্ষমতার এমভি বে ক্রুজার-১ নামে ছোট আকারের জাহাজে যাত্রী পারাপার করা হচ্ছে। এর বাইরে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ছয়টি ঘাট দিয়ে জাহাজে যাত্রী পারাপারের ব্যবস্থা নেই। এসব ঘাটে ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও স্পিডবোটে যাত্রী পারাপার করা হয়।

জানতে চাইলে নৌপথে নিরাপদ যাতায়াতের দাবিতে আন্দোলনরত পেশাজীবীদের সংগঠন ‘আমরা সন্দ্বীপবাসী’র আহ্বায়ক চিকিৎসক মোহাম্মদ রফিকুল মাওলা প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিসি বড় জাহাজে যাত্রী পারাপারের ব্যবস্থা করতে না পারায় যাত্রীদের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরতে হবে। সবচেয়ে বেশি কষ্ট হবে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের। নিরাপদ যাতায়াতের ব্যবস্থাসহ যাত্রী পারাপারে প্রশাসনের নজরদারি বাড়ানো না হলে এই নৌপথে দুর্ঘটনা এড়ানো যাবে না।