বড় বাজেটে অনেক প্রতিবন্ধকতা থাকলেও অর্জনে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এবারও আমরা বড় বাজেট দিয়েছি। আমাদের অনেক রকম প্রতিবন্ধকতা আছে। কিন্তু আমরা বাঙালি জাতি, উই নো হাউ টু ফেইস দ্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করে মানুষের মঙ্গল করতে পারি, সেটা আমরা জানি। সুতরাং আমরা আশাবাদী, সেটি অর্জন করব।’
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট নগরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। নগরের বাগবাড়ি এলাকায় সমাজসেবা অধিদপ্তর সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাজেট নিয়ে তিনি খুবই আনন্দিত উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘এই কঠিন সময়েও আমরা এমন বাজেট দিয়েছি, যার ফলে আমরা ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি আশা করি। আমার বিশ্বাস, সেটি আমরা অর্জন করতে পারব।’
কোভিডের মধ্যেও দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনো আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের কোভিডের চ্যালেঞ্জ আছে, ইউক্রেনের চ্যালেঞ্জ আছে। কিন্তু আমরা যে পথে চলছি, সব সময় আশাবাদী। আমাদের আগের অর্থমন্ত্রী সব সময় বলতেন, “আমি অপটিমিস্টিক”। সে জন্য তিনি বড় বড় বাজেট দিতেন। আল্লাহ মেহেরবান, সেগুলো মোটামুটি আমরা অর্জনও করেছি। হৃদয়টা আমাদের স্বচ্ছ পরিষ্কার, সে জন্য আমাদের ওপরওয়ালাও আমাদের সাহায্য করেন।’
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, কোভিডের সময় ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। কোথাও কোনো তছরুপের ঘটনা ঘটেনি। সারা দেশে ৬৫ হাজার জনপ্রতিনিধি আছেন। কাউন্সিলর, মেয়র, সংসদ সদস্যরা আছেন। এর মধ্যে মাত্র ৫২ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬৫ হাজারের মধ্যে ৫২ জন কিছুই না। সুতরাং দেশে সুশাসন রয়েছে।
এর আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নাছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ।