বড় বড় গর্ত, ভোগান্তি

যানবাহন চলাচল করায় সড়কে ধুলা ওড়ে। এতে সড়কের দুপাশে বাড়িঘর ও গাছপালায় ধুলার আস্তর জমে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা-আন্ধারমানিক সড়ক খানাখন্দে ভরা। গত সোমবার দুপুরে আন্ধারমানিকে
ছবি: প্রথম আলো

সংস্কার না করায় মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা-আন্ধারমানিক সড়কে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও এলাকাবাসী।

এলাকার কয়েক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে বেউথা-আন্ধারমানিক সড়কে চলাচল করে পাটুরিয়াগামী অনেক যানবাহন। এ ছাড়া বেউথা-আন্ধারমানিক সড়ক হয়ে জেলা সদরে যাতায়াত করেন হরিরামপুরবাসী। কিন্তু পাশের কালীগঙ্গা নদীর তীর থেকে বড় বড় ট্রাকে বালু-মাটি পরিবহনের কারণে সড়কের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব খানাখন্দে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের বেউথা থেকে আন্ধারমানিক পর্যন্ত দুই কিলোমিটার এলাকা বেহালের কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। এ ছাড়া ধুলায় পথচারী ও সড়কের পাশের বাসিন্দারা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বেউথা সেতুর আগে তিন রাস্তার মোড় থেকে আন্ধারমানিক তিন রাস্তার মোড় পর্যন্ত সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে খানাখন্দ ও বড় বড় গর্ত হয়েছে। এই পরিস্থিতিতেও সড়ক দিয়ে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, বাস, ট্রাক, ইজিবাইক, রিকশাসহ প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচল করায় সড়কে ধুলা উড়ছে। এতে সড়কের দুপাশে বাড়িঘর ও গাছপালায় ধুলার আস্তর জমেছে।

স্থানীয় পাছবরাইল গ্রামের বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সোহরাব হোসেন বলেন, তিনিসহ আশপাশের গ্রামের মানুষ প্রতিদিন জেলা শহরে ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে যাতায়াত করেন। সড়কে খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে যাতায়াত করতে গিয়ে যানবাহনের ঝাঁকুনিতে কোমর ব্যথা হয়ে যায়। এ ছাড়া ধুলায় বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

আন্ধারমানিক এলাকায় চা-বিস্কুটের দোকান করেন স্থানীয় ষাটোর্ধ্ব লাল মিয়া। সোমবার তাঁর দোকানের সামনে কথা হলে তিনি বলেন, প্রথম শ্রেণির পৌরসভার সড়কের এই হাল! প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কটি সংস্কার করা জরুরি।

এ সড়কে ইজিবাইক চালান স্থানীয় জয়নগর গ্রামের সেলিম হোসেন। তিনি বলেন, গর্ত ও খানাখন্দে প্রায়ই গাড়ি নষ্ট হয়। দুই দিন পরপরই গাড়ি সারতে হয়। যাত্রীরাও কষ্ট করে চলাচল করেন। যাতায়াতে সময়ও বেশি লাগে।

আন্ধারমানিক জামে মসজিদসংলগ্ন সড়কের পাশে বাড়ি রইজ উদ্দিনের (৬২)। তিনি বলেন, ঘরের বিছানাসহ বাড়ির মালামাল ধুলায় আচ্ছন্ন হয়ে যায়। খাবারেও ধুলা পড়ে।

সড়কের বেহাল পরিস্থিতি নিয়ে পৌরসভার স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু নাহিদ প্রথম আলোকে বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কে মানুষের ভোগান্তি বিবেচনা করে সড়ক সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। সড়ক সংস্কারে ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। জানুয়ারি মাসেই সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পরবর্তী সময়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে সড়কটি চার লেনে উন্নীতকরণ ও এক পাশে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।