বড় ভাইকে গরম তেলে ঝলসে হত্যায় ছোট ভাইয়ের ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

ফেনীতে বড় ভাই জহিরুল হককে গরম তেলে ঝলসে হত্যা মামলায় ছোট ভাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ছোট ভাইকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁর নাম নিজাম উদ্দিন। তিনি ফেনীর দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া গ্রামের মৃত নুরুল হক মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে ফেনীর জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নিজাম উদ্দিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৬ মার্চ সকালে দাগনভূঁঞা উপজেলার সাপুয়া গ্রামের একটি চায়ের দোকানে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই জহিরুল হকের সঙ্গে ছোট ভাই নিজাম উদ্দিনের কথা–কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই নিজাম ক্ষিপ্ত হয়ে দোকানে কড়াইয়ের মধ্যে থাকা গরম তেল বড় ভাইকে ছুড়ে মারেন। এতে বড় ভাইয়ের শরীরের বুক ও মুখমণ্ডল ঝলসে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন। পরের দিন আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জহিরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩ এপ্রিল সন্ধ্যায় মারা যান জহির। এ ঘটনায় তাঁর স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে ৪ এপ্রিল নিজাম উদ্দিনকে আসামি করে দাগনভূঁঞা থানায় একটি হত্যা মামলা করেন। এরপর নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ২০২০ সালের ২১ জানুয়ারি নিজাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। সেখানে ভুল থাকায় ওই বছরের ১ নভেম্বর মামলাটি পুনঃ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত। এরপর একই বছরের ২০ ডিসেম্বর মামলাটির অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই মো. মোবারক হোসেন। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। গত ২০২১ সালের ১১ অক্টোবর আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়।

ফেনীর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ এই দণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করেন।