বড় ভাইকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই যুবক হলেন মো. সুমন (৩০)। তাঁর বাড়ি সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে।
মামলার নথি ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ আগস্ট সকালে সেজনু মনির (৪৫) ঘরে শুয়েছিলেন। তাঁর স্ত্রী শাহান শারমিন বাইরে কাজ করছিলেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই মো. সুমন ঘরের ভেতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মনিরের মাথায় আঘাত করেন। পরে মনির চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পরদিন মনিরের স্ত্রী সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নির্মল কান্তি ভদ্র। আসামিপক্ষে ছিলেন সাবিনা ইয়াসমিন।
নির্মল কান্তি ভদ্র বলেন, সাত মাসের তদন্ত শেষে ২০১৬ সালের ১০ মার্চ মো. সুমনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।