বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই বাবলু মিয়ার (৪৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বড় ভাই আবদুল মজিদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল ছোট ভাই বাবলু মিয়ার। এর জেরে গতকাল সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মজিদ ছোট ভাই বাবলুকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য বাবলু মিয়ার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত বড় ভাই পলাতক।