বড় ভাইয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা, ছোট ভাইকে আটকের ৪ ঘণ্টা পর ছাড়ে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

বড় ভাইয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ছোই ভাইকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে পরিবারের লোকজনের দেওয়া তথ্য যাচাই–বাছাই করে চার ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার রাতে শ্রীমঙ্গল শহর থেকে তাঁকে আটক করা হয়েছিল।

আটকের পর ছাড়া পাওয়া ব্যক্তির নাম মলয় গোপ (৩৭)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের সুনীল গোপের ছেলে। তাঁর বড় ভাই নির্মল গোপ (৪০) ঋণখেলাপি মামলার আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাংকের ঋণখেলাপির জন্য জগন্নাথপুর পৌর এলাকার নির্মল গোপের নামে মামলা হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন ধরে পলাতক নির্মল গোপ। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুহেল আহমেদ গতকাল রাত আটটায় শ্রীমঙ্গল পৌর শহর থেকে ছোট ভাই মলয় গোপকে আটক করে থানায় নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে তাঁদের স্বজনেরা থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ যাচাই–বাছাই করে চার ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয়।

এএসআই সুহেল আহমেদ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, নাম পরিবর্তন করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নির্মল গোপ শ্রীমঙ্গলে বসবাস করছেন। ওই তথ্যের ভিত্তিতে মলয় গোপকে আটক করা হয়েছিল।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তথ্যগত ভুলে এক ভাইয়ের বদলে আরেক ভাইকে আটকের ঘটনা ঘটে। পরে তথ্য যাচাই–বাছাই করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।