বড়লেখায় প্রবাসীদের দোরগোড়ায় টিকার নিবন্ধন
সীমান্তবর্তী বড়লেখা উপজেলা থেকে মৌলভীবাজার সদরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আসা-যাওয়া মিলিয়ে প্রায় দেড়শ কিলোমিটারের পথ। লকডাউনের মধ্যে এতটা পথ পাড়ি দিয়ে করোনার টিকার নিবন্ধন নিয়ে উদ্বিগ্ন ছিলেন উপজেলায় অবস্থানকারী প্রবাসীরা। তবে তাঁদের এই দুশ্চিন্তার নিরসন করেছে উপজেলা প্রশাসন।
প্রবাসী অথবা প্রবাসে গমন–ইচ্ছুক কাউকেই টিকার নিবন্ধনের জন্য জেলা সদরে যেতে হচ্ছে না। বরং প্রবাসীদের দোরগোড়াতেই যাচ্ছে টিকার নিবন্ধন দল। আজ রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউন পরিস্থিতিতে বড়লেখা থেকে জেলা সদরে গিয়ে প্রবাসীদের জন্য টিকার নিবন্ধন করা বেশ কষ্টকর। এ সমস্যা সমাধানের জন্য উপজেলাতেই নিবন্ধন কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। আজ প্রথম দিন উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে চার প্রবাসীর টিকার নিবন্ধন করা হয়েছে।
উপজেলায় নিবন্ধন কার্যক্রম চালুর লক্ষ্যে গতকাল শনিবার ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের কয়েক উদ্যোক্তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। পাশাপাশি একটি মাইক্রোবাস, তিনজন ডিজিটাল সার্ভিস প্রোভাইডার (সেবা প্রদানকারী), প্রয়োজনীয় ল্যাপটপসহ টিকা নিবন্ধনের একটি ভ্রাম্যমাণ দল গঠন করা হয়েছে।
এ দলের সদস্যরা বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে প্রবাসীদের টিকার নিবন্ধন করবেন। প্রয়োজনে প্রবাসীদের বাড়িতে গিয়েও টিকার নিবন্ধন করে দেবেন তাঁরা। প্রবাসীদের শুধু মোবাইল ব্যাংকিং সেবাপ্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
নিজবাহাদুরপুর ইউনিয়নের পকুয়া গ্রামের প্রবাসী নাজিম উদ্দিন বলেন, ‘ভ্যাকসিন নিবন্ধন নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু এটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয়নি। উল্টো আমার বাড়িতে এসেই নিবন্ধন করে দিয়েছে। বেলা দুইটার দিকে অনেকগুলো গাড়ি এসে আমার বাড়ির সামনে থামল। ইউএনও, চেয়ারম্যানসহ আরও অনেকে গাড়ি থেকে নামলেন। তাঁরা বাড়িতে এসে আমার নিবন্ধন করে দিয়েছেন।’
খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘নিবন্ধন কার্যক্রম নিরাপদ ও সহজতর করতে আমাদের উপজেলা পর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় উদ্যোক্তাদের নিয়ে ভ্রাম্যমাণ টিম গঠন করে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব ইউনিয়ন এবং বড়লেখা পৌরসভার উদ্যোক্তাদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা নিজ ইউনিয়নে বসে প্রবাসীদের নিবন্ধন করে দেবেন। প্রয়োজনে প্রবাসীদের বাড়িতে গিয়ে নিবন্ধন করবেন।’ ইউএনও জানান, পুরো প্রক্রিয়াটি তিনি নিজেই পর্যবেক্ষণ করছেন।
এদিকে টিকার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়লেখার ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও নিজবাহাদুরপুরের ইউপি চেয়ারম্যান ময়নুল হক।