বড়লেখায় সড়কের পাশে ফুল ও নানা ধরনের চারা রোপণ
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার উদ্যোগে পৌর শহরের ভেতরের সড়কসহ ছড়ার পাশে বুধবার থেকে লাগানো হচ্ছে হাজারের বেশি কৃষ্ণচূড়ার গাছ। সঙ্গে আছে অন্য ফুলসহ ঔষধি, বজ্রনিরোধক তালগাছ। ওই দিন (বুধবার) পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী, রেহান পারভেজ, মো. শাহজাহান, রেজাউল করিম, স্বপন আহমদ প্রমুখ।
পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানুষের উদাসীনতার কারণে অনেক ধরনের দেশজ, ঔষধি ও স্থানীয় জাতের ফুলের গাছ হারিয়ে যাচ্ছে। এই জাতের গাছ লাগানোতে মানুষকে উদ্বুদ্ধ করা, গাছ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ফুলে ফুলে শহরকে সাজিয়ে তুলতেই এই গাছ লাগানোর আয়োজন। গাছের মধ্যে আছে তাল, কাঁঠাল, নারকেল, কৃষ্ণচূড়া, শিমুল, অর্জুন, বহেড়া, হরীতকী, নিম ও আমলকী।
ব্রজনিরোধক হিসেবে প্রায় অর্ধশত তালগাছ লাগানো হচ্ছে। সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হচ্ছে ১ হাজার ২০০ কৃষ্ণচূড়ার চারা। শহরের ভেতর দিয়ে চলে যাওয়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের পানিদার থেকে দক্ষিণ বাজার মাইক্রোবাস স্ট্যান্ড পর্যন্ত ৬০০টি, উত্তর চৌমোহনী থেকে গাজিটেকা যাত্রীছাউনি পর্যন্ত ৪০০টি এবং নিখড়ি ছড়ার দুই পাশে ২০০টি কৃষ্ণচূড়াগাছ লাগানো হচ্ছে। আজ শুক্রবার পর্যন্ত বেশির ভাগ গাছ লাগানো শেষ হয়েছে।
শুধু গাছ লাগিয়েই শেষ নয়। এই গাছগুলো যাতে গরু-ছাগল নষ্ট না করে, নিরাপদে বেড়ে ওঠে এ জন্য লাগানো হচ্ছে বাঁশের তৈরি ঝুপড়ি (হুপি)। অন্যদিকে পৌর এলাকার মসজিদ, মন্দির, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ৪০টি প্রতিষ্ঠানকে ৮০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে কাঁঠাল ও নারকেলই বেশি দেওয়া হয়েছে। এ ছাড়া শিমুল, সোনালুসহ বিভিন্ন ধরনের ফুল গাছের চারা আছে। সব মিলিয়ে পৌর এলাকাতে বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে দুই হাজার বিভিন্ন জাতের গাছের চারা লাগানো হচ্ছে।
পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘অনেক গাছ বিলুপ্ত হচ্ছে। বিশেষ করে ঔষধি ও তালগাছ। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছিলাম, তারা তাদের জায়গাতে কী ধরনের গাছ লাগাতে চায়। তারা বেশির ভাগই আয় হয়, এমন ফলের গাছ লাগাতে বলেছে। তাদের তাই কাঁঠাল, নারকেল ইত্যাদি দেওয়া হয়েছে। বজ্রনিরোধক হিসেবে লাগিয়েছি তালগাছ। পটুয়াখালী থেকে তালের চারা আনা হয়েছে। আর শহরকে ফুলের শহর করতে লাগানো হয়েছে কৃষ্ণচূড়া। এ ছাড়া শিমুল, সোনালুসহ আরও বিভিন্ন জাতের ফুলের গাছ সংগ্রহ করছি। এই গাছ লাগানো, রক্ষা করা অনেকটা যুদ্ধের দিকে যাওয়ার মতো। গাছগুলো রক্ষা করতে ঝুপড়ি দেওয়া ছাড়াও পাহারাদার নিয়োগ দেওয়া হবে।’
মেয়র বলেন, ‘আমরা যখন থাকব না। গাছে গাছে ফুল ফুটবে। শহর ফুলে ফুলে ভরে উঠবে। তখন মানুষ হয়তো আমাদের কথা মনে করবে।’