বড়শিতে ধরা পড়ল ৮ কেজির চিতল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আওয়ামী লীগ নেতা মাছটি ১২ হাজার টাকায় কিনেছেন
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক জেলের বড়শিতে আট কেজি ওজনের চিতল ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিণাঘাট এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকার বাসিন্দা হোসেন আলী (৪০) পদ্মা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। এ সময় কয়েক দফা চেষ্টা করেও তিনি কোনো মাছ ধরতে পারেননি। পরে বিকেলের দিকে তিনি বুঝতে পারেন, বড়শিতে বড় মাছ ধরা পড়েছে। এ সময় স্থানীয় দুজনের সহায়তায় হোসেন আলী পানি থেকে মাছটি তোলেন।

হোসেন আলী বলেন, মাছটি ওঠানোর পরই সেখানে লোকজনের ভিড় জমে যায়। পরে স্থানীয় সিলিমপুর বাজারে গিয়ে দেখেন, মাছটির ওজন আট কেজি। পরে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সালাম চৌধুরী ১২ হাজার টাকায় মাছটি কেনেন।

সালাম চৌধুরী বলেন, ‘ঢাকা শহরে এমন তাজা মাছ পাওয়া যায় না। এ ছাড়া এত বড় চিতল মাছ সচরাচর পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েছি।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, নদীতে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এতে জেলেদের জালে প্রায়ই বড় মাছ ধরা পড়ছে। বড় মাছ ধরা পড়লে সবাই দেখে আনন্দ পান আর জেলেরাও ভালো দাম পান।