বড়াইগ্রামে নির্মাণকাজ শেষ না হতেই ২৬ লাখ টাকার কালভার্টে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামের পিরপাল-গোয়ালফা সংযোগ সড়কে বড়াল নদের ওপর নির্মাণাধীন এই কালভার্ট ধসে পড়েছে। শনিবার সকালে
প্রথম আলো

নির্মাণকাজ শেষ না হতেই নাটোরের বড়াইগ্রাম উপজেলার পিরপাল-গোয়ালফা সংযোগ সড়কে বড়াল নদের ওপর নির্মাণাধীন একটি কালভার্ট ধসে পড়েছে। শনিবার সকালে পানির স্রোতে কালভার্টের একটি গার্ডার ধসে পড়ে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ২৬ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণের জন্য বাবু কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার পিরপাল-গোয়ালফা সংযোগ সড়কে বড়াল নদের ওপর ৪৫ ফুট লম্বা একটি কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। বাবু কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালভার্টটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষে নাটোরের ঠিকাদার আবদুল আজিজ কাজটি বাস্তবায়ন করছেন। ইতিমধ্যে কালভার্টের প্রধান দুটি গার্ডারের নির্মাণকাজ শেষ হয়েছে। ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সময় হঠাৎ এক পাশের একটি গার্ডার ধসে পড়ে। গার্ডারের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় নির্ধারিত স্থান থেকে গার্ডারটি অন্যত্র সরে গেছে। নতুন করে গার্ডার নির্মাণ না করা পর্যন্ত কালভার্টটি নির্মাণ করা সম্ভব হবে না। এতে স্থানীয় লোকজনের দুর্ভোগ বাড়বে।

ইতিমধ্যে কালভার্টের প্রধান দুটি গার্ডারের নির্মাণকাজ শেষ হয়েছে। ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সময় হঠাৎ এক পাশের একটি গার্ডার ধসে পড়ে।

মো. শাহবুদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ঠিকাদার প্রথম থেকেই নিম্নমানের কাজ করছিলেন। তিনি খরচ বাঁচানোর জন্য কালভার্টের গার্ডার নদীর গভীরে স্থাপন না করে মাটির ওপর করেছিলেন। হঠাৎ বৃষ্টির পানির চাপে নদীতে স্রোত সৃষ্টি হয়। ফলে স্রোতের পানিতে গার্ডারটি সরে গেছে। নদীতে যখন বন্যার পানি ঢুকবে, তখন গার্ডারটি ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিকাদারের খামখেয়ালির কারণে লোকজনের চলাচল বিঘ্নিত হচ্ছে। এটা কবে সমাধান হবে, তা কেউ বলতে পারছেন না।

বাবু কনস্ট্রাকশনের প্রতিনিধি আবদুল আজিজ বলেন, ‘আমরা সঠিকভাবেই নির্মাণকাজ করছি। পানির প্রবাহ ঠিক রাখার জন্য নদীর মাঝে ফেলে রাখা মাটি সরানো হয়। তখনই বিপত্তি ঘটে। পানির স্রোতে কালভার্টের কিছু অংশ সরে গেছে। এখন এটা মেরামত করা হবে।’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে। তারা সমস্যা সমাধান করে দেবে বলে আশ্বস্ত করেছে। তাদের এখনো কাজের বিল দেওয়া হয়নি। কাজ সঠিকভাবে সম্পন্ন করা না হলে বিল পরিশোধ করা হবে না।