ভটভটি উল্টে পুকুরে, ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলায় চালবোঝাই একটি ভটভটি উল্টে পুকুরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ভটভটিচালক। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জালালপুর গ্রামে জোড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যবসায়ীর নাম রেজাউল ইসলাম (৪০)। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার সাহাপুর গ্রামে। তিনি চালের খুদের ব্যবসায়ী ছিলেন। গুরুতর আহত ভটভটিচালক শাহজাহান আলী (৩০) আক্কেলপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার লালকাবাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সান্তাহারের একটি মিল থেকে চালের খুদ কিনে ভটভটিতে করে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। ভটভটিতে চালকের পাশের আসনে বসে ছিলেন তিনি। রাত নয়টার দিকে আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের জোড়া পুকুর এলাকায় হঠাৎ ভটভটি উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় পুকুরে খুদের বস্তার নিচে চাপা পড়ে রেজাউল ঘটনাস্থলেই মারা যান। আহত হন ভটভটিচালক শাহজাহান আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে রেজাউলের লাশ উদ্ধার করেন এবং আহত শাহজাহানকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খুদবোঝাই ভটভটি উল্টে পুকুরে পড়ে ব্যবসায়ী রেজাউল মারা গেছেন। আহত ভটভটিচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।