যশোরের ভবদহ এলাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা।
যশোর শহরের দড়াটানা মোড়ের ভৈরব চত্বরে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন নেতারা। গত বুধবার নওয়াপাড়া পৌর এলাকায় পানিবন্দী মানুষের আন্দোলন কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে। এতে সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদসহ অনেকেই আহত হন। ওই হামলার প্রতিবাদেই গতকালের এই প্রতিবাদ সমাবেশ।
সভায় সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন, ‘ভবদহের পানি সরানোর জন্য পলি কাটতে আরও দুটো এক্সকাভেটর যন্ত্র (মাটি কাটার যন্ত্র) চেয়ে আমরা দুই মাস ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে ধরনা দিচ্ছি। কিন্তু সরকার পানিবন্দী মানুষের এ দাবিকে কোনো গুরুত্ব দেয়নি। আমরা ওই যন্ত্র পাব না জেনে গেছি। কারণ স্থানীয় সাংসদেরা প্রজেক্ট করে টাকা আত্মসাতের ষড়যন্ত্র করছেন।’
কমিটির আহ্বায়ক আরও বলেন, ‘ভবদহ এলাকার পানিবন্দী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠি চালিয়েছে। আমরা বলতে চাই, এই এলাকার সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জাসদের জেলা কমিটির সভাপতি রবিউল আলম, সিপিবির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।