ভবদহের পানি অপসারণের দাবিতে সড়ক অবরোধ
জলাবদ্ধ ভবদহ অঞ্চল থেকে দ্রুত পানিনিষ্কাশন, অবিলম্বে বিল কপালিয়ায় টিআরএম চালু, আমডাঙ্গা খাল প্রশস্তকরণ ও সংস্কার, ভবদহ এলাকার মানুষের খাদ্যনিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে গতকাল শনিবার যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষ এ কর্মসূচি পালন করেন।
অভয়নগর উপজেলা সদর নওয়াপাড়ার স্বাধীনতা চত্বরে গতকাল সকাল ১০টার দিকে সমাবেশ শুরু হয়। ‘পানি সরাও, মানুষ বাঁচাও’, ‘ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চাই’, ‘আমডাঙ্গা খাল সংস্কার কর, করতে হবে, ‘বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়ন করতে হবে’ এবং ‘আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই’—এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে পানিবন্দী মানুষ সমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালী।
সমাবেশে বক্তৃতা করেন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রধান সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারী রায়, মনিরামপুর উপজেলা সংগ্রাম কমিটির সভাপতি গাজী আব্দুল হামিদ, সমন্বয়কারী চৈতন্য কুমার পাল, কমিটির নেতা জাকির হোসেন, কিশোর অধিকারী, মাসুদ হাসান, ইলিয়াস হোসেন, সমীরন পাঁড়ে, কানু বিশ্বাস, সিরাজুল ইসলাম, নাসির হায়দার, হিরামন বিশ্বাস, শিবুপদ বিশ্বাস প্রমুখ। বক্তারা অবিলম্বে আরও চারটি এক্সকাভেটর দিয়ে শ্রী ও হরি নদ থেকে পলি অপসারণ করে দ্রুত পানিনিষ্কাশন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে বিল কপালিয়ায় টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার ও প্রশস্ত করে রাজাপুর খালের সঙ্গে সরাসরি সংযোগ এবং ভবদহ এলাকার মানুষের খাদ্যনিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং বিভিন্ন এনজিওর ঋণ আদায় বন্ধের দাবি জানান। অন্যথায় ধাপে ধাপে আরও বড় কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যশোর-খুলনা দিয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ক্ষুব্ধ মানুষ নওয়াপাড়া নূরবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করেন।