ভবদহের মানবিক বিপর্যয় মোকাবিলায় ৫ দফা দাবি
যশোরের ভবদহ এলাকার মানবিক বিপর্যয় মোকাবিলা ও জলাবদ্ধতা নিরসনে এই মুহূর্তে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এসব দাবি জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে, যশোরের অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর এলাকায় খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, বিল কপালিয়ায় পরিকল্পিত জোয়ারাধার (টিআরএম) বাস্তবায়ন, আমডাঙ্গা খাল সংস্কার, ভবদহ স্লুইসগেটের ২১ ও ৯ ভেন্টের মাঝ দিয়ে সরাসরি নদী সংযোগ, হরিহর, আপারভদ্রা ও বুড়ি ভদ্রায় জরুরি ভিত্তিতে পলি অপসারণ, সব খাল পুনরুদ্ধার ও অবমুক্ত, পানি প্রবাহে প্রতিবন্ধক পাটা, জাল, শেওলা অপসারণ করা।
অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
সম্মেলন থেকে পানি সরানোর জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আগামী ১ আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান ও দাবি আদায়ের পক্ষে সভা-সমাবেশ অব্যাহত রাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ পাড়ের তিন উপজেলার ১৫০টি গ্রামের বাজারঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসল ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। ওই এলাকার লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। সরকার প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এখনো সজাগ ও সতর্ক না হলে ভবদহে আগের মতো দীর্ঘ মেয়াদের বিপর্যয় দেখা দেবে।
কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী বলেন, যন্ত্র দিয়ে পলি কেটে নদী বাঁচানো যায় না। জোয়ারাধার সৃষ্টির মাধ্যমে নদী বাঁচিয়ে নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠবিহারী রায়, যুগ্ম সমন্বয়ক গাজী আব্দুল হামিদ, কমিটির কেশবপুর শাখার আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ভগীরথ হালদার, অধ্যাপক কানু বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রাজু আহমেদ, ইলিয়াস হোসেন প্রমুখ।