ভবদহের মানুষের জন্য কোরবানির মাংস সংগ্রহ কেন্দ্র
ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষের জন্য ঈদের দিন যশোর শহরের চারটি স্থানে কোরবানির মাংস সংগ্রহকেন্দ্র খোলা হচ্ছে। সংগৃহীত মাংস জেলা প্রশাসনের মাধ্যমে দুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে দেওয়া হবে।
যশোর পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভা ও যশোর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ের ভৈরব চত্বর, চৌরাস্তা মোড়ের কোতোয়ালি থানার সামনে, মনিহার প্রেক্ষাগৃহের পাশে ও চার খাম্বার মোড়ে চারটি কেন্দ্রের মাধ্যমে মাংস সংগ্রহ করা হবে। বানভাসি মানুষের জন্য এ কেন্দ্রগুলোতে মাংস পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে গতকাল শনিবার বিকেলে শহরে এক শোভাযাত্রা বের করা হয়।
যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার বলেন, জেলা প্রশাসক হুমায়ুন কবীরের সভাকক্ষে সম্প্রতি এক বৈঠকে বানভাসি মানুষের সাহায্যার্থে কোরবানির মাংস সংগ্রহের সিদ্ধান্ত হয়।
কোরবানির ৫৮টি স্থান নির্ধারণ: ঈদের দিন পশু কোরবানির জন্য যশোর শহরে ৫৮টি স্থান নির্ধারণ করে দিয়েছে পৌরসভা।