গুরুদাসপুরে উপস্বাস্থ্যকেন্দ্র
ভবন ঝুঁকিপূর্ণ, সব সেবা দেন একজন ফার্মাসিস্ট
মশিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটিতে একজন ফার্মাসিস্ট ৩৭ বছর ধরে দায়িত্বে আছেন। বিভিন্ন সময় চিকিৎসক নিয়োগ হলেও তাঁরা বদলি হয়ে যান।
নাটোরের গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় সেখানে ঝুঁকি নিয়ে চলছে সেবাদান। লোকবলের অভাবে সেবা পেতেও ভোগান্তি পোহাতে হয় রোগীদের। নেই চিকিৎসক, নার্স। একজন ফার্মাসিস্ট রোগীদের সব সেবা দেন।
গ্রামের এ চিকিৎসাসেবা কেন্দ্রে একজন করে মেডিকেল ও সহকারী মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, নার্স, পিয়ন ও ঝাড়ুদার থাকার কথা। সেখানে শুধু একজন ফার্মাসিস্ট সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা ও ওষুধ দেন।
১৯৬৫ সালে চার কক্ষবিশিষ্ট এই উপস্বাস্থ্যকেন্দ্র চালু হয়। শুরুতে চিকিৎসকদের জন্য ছিল আবাসিক ভবন। সময়ের ব্যবধানে আবাসিক ভবনটির অস্তিত্ব নেই। ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় চিকিৎসাসেবা কেন্দ্রের ভবনটি। এরপরও সেখানে চলছে চিকিৎসা কার্যক্রম। একমাত্র ফার্মাসিস্ট ফিরোজ উদ্দিন ৩৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন।
পুরোনো ভবনটির ছাদ ও দেয়ালজুড়ে গাছ, লতাগুল্ম গজিয়েছে। দেয়াল স্যাঁতসেঁতে হয়ে খসে পড়েছে পলেস্তারা। ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। শৌচাগারের অবস্থাও নাজুক। গত মঙ্গলবার এমন পরিবেশে বসে সেবাগ্রহীতাদের চিকিৎসা ও ওষুধ দিতে দেখা যায় ফার্মাসিস্ট ফিরোজ উদ্দিনকে। তাঁকে সহযোগিতা করছিলেন অবৈতনিক ঝাড়ুদার সাগরী রানী।
ফিরোজ উদ্দিন জানান, তিনি দায়িত্বে থাকাকালেই বিভিন্ন সময় বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও পিয়ন যোগদান করেন। কিন্তু দুই সপ্তাহের বেশি কেউ দায়িত্ব পালন করেননি। নানা ‘অজুহাতে’ বদলি নিয়ে চলে গেছেন। সবশেষ চার বছর একেবারেই চিকিৎসকশূন্য গ্রামের এই উপস্বাস্থ্যকেন্দ্র।
আগে এই উপস্বাস্থ্যকেন্দ্রে দিনে ২৫০-৩০০ রোগী সেবা নিতে আসত। ফিরোজ উদ্দিন জানান, বর্তমানে ১০০ থেকে ১২০ জন সেবা নেয় প্রতিদিন। বেশির ভাগ রোগীই পানিবাহিত রোগ, টাইফয়েড, আমাশয় ও সর্দি–কাশিজনিত সমস্যা নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, চিকিৎসক-নার্সসহ নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে অনেকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কাজ হয়নি।