যশোরের কেশবপুরে গৌরীঘোনা বাজারে বাংলাদেশ-আমেরিকা মৈত্রী মার্কেটের নির্মাণকাজ নির্ধারিত সময়ের দেড় বছর পর শেষ হয়েছে। এরও প্রায় এক বছর পর মার্কেটের ভবন হস্তান্তর করা হয়েছে। তবে কৃষিপণ্যের এ মার্কেটটি এখনো চালু হয়নি।
উপজেলা প্রশাসন বলছে, বর্তমানে দোকান বরাদ্দ চলছে। এক মাসের মধ্যে মার্কেটটি চালু হবে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএসএআইডির অর্থায়নে গৌরীঘোনা বাজারে বাংলাদেশ-আমেরিকা মৈত্রী মার্কেট নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে ৩ কোটি ৫ লাখ ৩৭ হাজার টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০১৮ সালের ৩০ মে মার্কেটটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ওই বছরের ১০ অক্টোবর। ঠিকাদারি প্রতিষ্ঠান জাকিউল্লাহ অ্যান্ড ইমন এন্টারপ্রাইজ জেভি কাজটি পায়। দুই মাস আগে ঠিকাদার ভবন হস্তান্তর করেন। দ্বিতল ভবনটির দ্বিতীয় তলায় ২৫টি ও নিচতলায় ১০টি দোকান আছে। এ ছাড়া সবজি, মাছ ও মাংসের জন্য আলাদা শেড রয়েছে, রয়েছে একটি অফিসকক্ষ।
ইমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনিছুর রহমান বলেন, জায়গা জটিলতার কারণে ভবন নির্মাণে দেরি হয়েছে। এ ছাড়া নকশারও কিছু পরিবর্তন করা হয়েছিল। ভবনটির নির্মাণকাজ দেড় বছর আগে শেষ হয়। তবে উপজেলা প্রকৌশলীর কার্যালয় দুই মাস আগে ভবনটি বুঝে নিয়েছে।
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, দুই মাস আগে ঠিকাদার ভবন হস্তান্তর করেছেন। জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে কাজটি শেষ হতে দেরি হয়েছে। মার্কেটটি চালু করার ব্যাপারে উপজেলা পরিষদের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মার্কেটটি চালু করার জন্য স্থানীয়ভাবে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এখন ব্যবসায়ীরা দোকান বরাদ্দের জন্য আবেদন করেছেন। প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে। আগামী মাসের মধ্যে মার্কেটটি চালু করা হবে।
গত রোববার গিয়ে দেখা যায়, ভবনের প্রবেশপথে তালা ঝোলানো রয়েছে। গৌরীঘোনা বাজার বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘দোকান বরাদ্দের জন্য ইউএনও অফিসে দরখাস্ত আহ্বান করা হয়েছে। মার্কেটটি চালু হলে এ বাজারের গুরুত্ব বেড়ে যেত।’
বাজারের ব্যবসায়ী শান্তনু পাল বলেন, ‘একটি ঘর বরাদ্দের জন্য আবেদন করেছি। শুনেছি, এককালীন ১৪ হাজার টাকা ও মাসে ১ হাজার
২০০ টাকা ভাড়া নেওয়া হবে। এ টাকা অনেক বেশি হয়ে যাবে।’