ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এলাকার একটি ভবন নির্মাণের কাজে নানাভাবে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই ভবনের মালিক। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভবনমালিক হুমায়ুন কবির।
সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাজাহান মনির। সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, ২০১৯ সালে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে শাজাহান মনিরের পক্ষে কাজ না করে তিনি অন্য একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করেন। এর পরিপ্রেক্ষিতে ভবন নির্মাণকাজ শুরু করার পর থেকে তাঁকে নানা রকমভাবে বাধা দিচ্ছেন তিনি (শাজাহান মনির)।
হুমায়ুন কবির বলেন, ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ মোড় এলাকায় ভবন নির্মাণের কাজ শুরু করলে গত বছরের এপ্রিলে সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুমতিপত্র দেখতে চান কর্মকর্তারা। তখন কাগজ না থাকায় কাজ বন্ধ করে রাখেন। পরে অনুমোদনের কাগজ হাতে পেয়ে আবারও কাজ শুরু করেন তিনি।
সিটি করপোরেশনের নিয়ম মেনে চারপাশে জায়গা রেখে নির্মাণকাজ করা হচ্ছে। এরপরও একাধিকবার কাজ বন্ধ করে দিতে চেষ্টা করছেন শাজাহান মনির। বর্তমানে ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। এখনো শাজাহান নতুন করে মাপজোখ করে বলছেন, ভবন নির্মাণে নিয়ম মানা হয়নি। অথচ ভবন নির্মাণের সময় একাধিকবার জমি পরিমাপ করা হয়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা কোনো ধরনের অনিয়ম পাননি।
অভিযোগের বিষয়ে কাউন্সিলর শাজাহান মনির বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই হুমায়ুন কবিরের সঙ্গে। নিয়ম অনুযায়ী চারপাশে যতটুকু জায়গা রেখে ভবন নির্মাণের কথা তিনি সেটুকু রাখেননি। এ ব্যাপারে সিটি করপোরেশন জানে। আমি নিয়মের বাইরে কোনো কিছু করিনি।’