বাগমারায় ১০ বিদ্যালয়
ভবন ভাঙার পর কাজ বন্ধ
কার্যাদেশের মেয়াদ শেষ হতে চললেও মূল নির্মাণকাজ শুরু হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে স্থানীয় রাজনৈতিক সমস্যা আছে।
কার্যাদেশের মেয়াদ শেষ হতে চললেও রাজশাহীর বাগমারায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজে তেমন অগ্রগতি হয়নি। নির্মাণকাজ উদ্বোধন করা হলেও গত এক বছরে মূল কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০টি পুরোনো ভবন ভেঙে ফেলা হলেও নতুন করে নির্মাণকাজ থেমে আছে।
আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত পিছিয়েছে। তবে স্থানীয়রা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠান চালু হলে শিক্ষার্থীদের খোলা স্থানে পাঠদান করতে হবে। অন্যদিকে উপজেলা প্রকৌশল ও শিক্ষা বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিলেও কাজ শুরু হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় রাজনীতির কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়গুলো হলো উপজেলার হাটখুজিপুর, বুজরুককোলা, মচমইল, রনশিবাড়ি, শ্রীপুর, রায়াপুর, দক্ষিণ জামালপুর, ভবানীগঞ্জ, বাগমারা, গোয়ালকান্দি, কোন্দা লাড়-পাড়া, দ্বীপনগর ও বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাগমারা উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বিভিন্ন সময়ে স্থানীয় প্রকৌশলীর দপ্তর থেকে অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। সে অনুযায়ী উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজের জন্য ঠিকাদার নির্বাচিত হয় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড।
দাপ্তরিক প্রক্রিয়া শেষে গত বছরের মাঝামাঝি থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুলাই মাসে। শিক্ষক ও অভিভাবকদের ভাষ্য, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ভবন নির্মাণের উপযুক্ত সময়। এই সময়ে নির্বিঘ্নে নির্মাণকাজ শেষ করা যেত। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তা না করে সময় নষ্ট করছে।
সরেজমিনে উপজেলা সদরের ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কিছু রড, খোয়া ফেলে রাখা হয়েছে। মাটি অপসারণের কাজ শুরু করা হয়েছে কয়েক দিন আগে থেকে। পাশেই টাঙানো কাজের বিবরণ। সেখানে ভবন নির্মাণকাজে সাড়ে ৬৮ লাখ টাকা ব্যয়সহ চলতি বছরের ১৭ জুলাই কাজ শেষের নির্দেশনা লেখা। একই রকম অবস্থা দেখা যায় রায়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যগুলোতে।
রায়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, নতুন ভবন নির্মাণের কথা বলে ঠিকাদার পুরোনো ভবন ভেঙে ফেলেছে। এখন বিদ্যালয়ের কোনো ভবন নেই। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান চালুর ঘোষণা দিলে কোথায় পাঠদান হবে, তা নিয়ে চিন্তায় আছেন।
আবদুস সালাম, মোবারক হোসেন, সালমা খাতুনসহ কয়েকজন শিক্ষক বলেন, বিদ্যালয়ের কাজ নিয়ে তাঁরাও উদ্বিগ্ন। গত এক বছর ধরে বিদ্যালয় বন্ধ রয়েছে। এই সময়ে নির্মাণকাজ শেষ হলে খুবই ভালো হতো। শিক্ষার্থী ও তাঁদের কোনো সমস্যা হতো না। অথচ ঠিকাদার কাজ নিয়ে বসে আছেন। তাঁরা শিক্ষা অফিস, এলজিইডি অফিস হয়ে ঠিকাদার পর্যন্ত অনুরোধ নিয়ে গেলেও কোনো কাজই হচ্ছে না। অভিভাবক ও কয়েকটি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও একই রকম অভিযোগ করেন।
কাজ বাস্তবায়নকারী স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) বাগমারা কার্যালয়ের প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, অধিকাংশ বিদ্যালয়ের কাজ আগামী ১৭ জুলাইয়ের মধ্যে কাগজ-কলমে শেষ হওয়ার কথা। তবে বাস্তবতা উল্টো। ঠিকাদারকে কয়েক দফা কাজ শুরুর বিষয়ে চিঠি দিয়েও কাজ হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ইউনুস আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইম হাসান বলেন, স্থানীয় রাজনীতির কিছু সমস্যার কারণে কাজ করতে জটিলতার সৃষ্টি হয়েছে। কী ধরনের রাজনৈতিক সমস্যা, তা জানতে চাইলে সাইম হাসান বলেন, বিষয়টি নিয়ে এলজিইডির সঙ্গে তাঁরা কথা বলবেন।