বিভিন্ন দাবিতে গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের মূল ফটক চার ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষকেরা ভবনের ভেতর আটকা পড়েন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশের পর সকাল ১০টার দিকে দরজায় তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বেলা দুইটার দিকে পুলিশ গিয়ে ফটকের তালা খুলে দেয়।
প্রতিষ্ঠানটির ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) সাব্বির সিকদার প্রথম আলোকে বলেন, শিক্ষক-সংকটের সমাধানসহ ১৪ দফা দাবিতে গত ২১ সেপ্টেম্বর অধ্যক্ষের বরাবর তাঁরা স্মারকলিপি দেন। কিন্তু অধ্যক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। অন্যদিকে ১০ দিনের ছুটি নিয়ে দেড় মাস ধরে প্রতিষ্ঠানে আসছেন না অধ্যক্ষ। তিনি আরও বলেন, তাঁদের দাবি মেনে না নেওয়ায়
গতকাল সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানের গেটে মানবপ্রাচীর তৈরি করে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় শিক্ষকেরা ভবনের ভেতরে ছিলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় ঘোষ প্রথম আলোকে বলেন, ছাত্রসংসদের কয়েকজন নেতার অনিয়ম, অযৌক্তিক দাবি ও প্রতিনিয়ত হুমকির কারণে তিনি প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছেন। এ জন্য তিনি অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গত ৭ আগস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এরপর থেকে তিনি প্রতিষ্ঠানে যাচ্ছেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবেদন মঞ্জুর হওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। আবেদন মঞ্জুর না হলে প্রয়োজনে তিনি অবসর গ্রহণ করবেন। তারপরও তিনি ওই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে চান না।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহম্মদ মজুমদার বলেন, পুলিশ গিয়ে ফটকের তালা খুলে দেয়। এরপর পুলিশ অবরুদ্ধ শিক্ষকদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেয়। আর শিক্ষার্থীরাও চলে যান। তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মসূচির সময় কোনো ধরনের বিশৃঙ্খলতার সৃষ্টি হয়নি।