ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে পুরোনোরাই মনোনয়ন পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের পৌরসভা শাখার সভাপতি বর্তমান মেয়র আবদুল মালেক মণ্ডল
ছবি: সংগৃহীত

দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে ভবানীগঞ্জে আবারও পুরোনোরাই দলীয় মনোয়ন পেয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপি ২০১৫ সালের নির্বাচনে দলীয় প্রার্থীদেরই আবার মনোনয়ন দিয়েছে। তাঁরা হলেন আওয়ামী লীগের পৌরসভা শাখার সভাপতি বর্তমান মেয়র আবদুল মালেক মণ্ডল ও বিএনপির পৌরসভা শাখার সাবেক সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিক। বিএনপিতে একাধিক প্রার্থী মনোনয়ন চাইলেও আওয়ামী লীগে শুধু আবদুল মালেক মণ্ডলই একক প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন।

গতকাল শুক্রবার রাতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল আমিন স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে ভবানীগঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে আবদুর রাজ্জাক প্রামাণিকের নাম ঘোষণা করা হয়। অপর দিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে আবদুল মালেক মণ্ডলের নাম ঘোষণা করে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএনপির পৌরসভা শাখার সাবেক সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিক
ছবি: সংগৃহীত

আবদুর রাজ্জাক প্রামাণিকের পক্ষে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ। অপর দিকে আবদুল মালেক মণ্ডলের মনোনয়নের চিঠি গ্রহণ করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার জানিয়েছেন।

মনোনয়ন পাওয়া দুই প্রার্থীই নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদী। আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক মণ্ডল বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা তাঁকেই পুনরায় নির্বাচিত করবেন। আর বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক প্রামাণিক বলেছেন, সুষ্ঠু ভোট হলে এবং ভোটারদের কেন্দ্রে যেতে দিলে তিনিই নির্বাচিত হবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন বলেন, এই পৌরসভার মোট ভোটার ১৪ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ১৯০ জন এবং নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ২১৫। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।