ভর্তি পরীক্ষা ২১ মে
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদনের কার্যক্রম গত ১ এপ্রিল শুরু হয়েছে। চলবে ৩ মে পর্যন্ত। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ ৯৮০ টাকা জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন্নাহার বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে শতকরা ৫০ ভাগ নম্বর অথবা ৫-এর স্কেলে কমপক্ষে জিপিএ ৩ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচারে গড়ে কমপক্ষে শতকরা ৬০ নম্বর অথবা ৪-এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ বছর আটটি বিভাগে মোট ৬৫৪টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।