ভর্তি হয়ে বিপাকে ২৩ গবেষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমফিল ও পিএইচডি কোর্সে গবেষক ভর্তির দুই বছরেও শিক্ষা কার্যক্রম চালু হয়নি। এমনকি সিলেবাসও প্রণয়ন করা হয়নি। এর ফলে বিপাকে পড়েছেন ভর্তি হওয়া ২৩ জন গবেষক। দীর্ঘ সময়েও শিক্ষা কার্যক্রম চালু না হওয়ায় তাঁদের কেউ কেউ গবেষণাই বাদ দিয়েছেন। গবেষণার উদ্দেশ্যে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে তা কাজে না লাগায় ক্ষুব্ধ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসা এসব গবেষক।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্স ইনস্টিটিউটের চিত্র এটি। ইনস্টিটিউট কর্তৃপক্ষ এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকলেও তা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে গবেষকদের অভিযোগ।
এ ব্যাপারে ড. ওয়াজেদ রিসার্স ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেছেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা প্রতিকূলতার মধ্যে কাজ করছি। আগামী সিন্ডিকেটের সভায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ ও আচার্যের অনুমোদন নিয়ে ২০০৯ সালে ড. ওয়াজেদ রিসার্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। এরপর ২০১১ সালের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের ১৭তম সিন্ডিকেট সভায় এই ইনস্টিটিউটে এমফিল ও পিএইচডি ডিগ্রি করানোর সিদ্ধান্ত হয়। গঠন করা হয় ইনস্টিটিউটের জন্য বোর্ড অব স্ট্যাডিজ। ২০১২ সালের মার্চ মাসে জাতীয় দৈনিকে এমফিল ও পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিন্ডিকেটের সভায় আটটি বিভাগে (বাংলা, ইতিহাস, অর্থনীতি, ম্যানেজমেন্ট, পদার্থ, রসায়ন, মার্কেটিং ও সমাজবিজ্ঞান) ২০১১-১২ শিক্ষাবর্ষে ১৫ জন এমফিল ও আটজন পিএইচডি কোর্সে আবেদনকারীর নাম, তাঁদের গবেষণার শিরোনাম ও তত্ত্বাবধায়কের নাম অনুমোদিত হয়। আটজন তত্ত্বাবধায়কের অধীনে এই ২৩ জনের গবেষণা করার কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছরের এমফিলের জন্য ১৯ হাজার এবং তিন বছরের পিএইচডির জন্য ২৩ হাজার টাকা জমা দিয়ে ২০১২ সালের ডিসেম্বরে গবেষকেরা ভর্তি হন। গবেষণার জন্য তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁদের শিক্ষা কার্যক্রমই শুরু হয়নি। সেই সঙ্গে কোর্সের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে না পারায় নানা সমস্যার মুখোমুখি তাঁরা।
তিন বছরের পিএইচডি কোর্সের জন্য ভর্তি হয়েছেন রংপুরের কারমাইকেল কলেজের বাংলা বিভাগের শিক্ষক তানজেউর রহমান। তাঁর গবেষণার বিষয়, ‘সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসে নারীর অবস্থান’। তিনি বলেন, ‘উচ্চতর ডিগ্রি নিতে তিন বছরের প্রেষণে রয়েছি। নিয়মিত বেতন-ভাতাও পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে, এত দিনেও কোনো কোর্স করতে পারলাম না। তিন বছরের মধ্যে প্রায় দুই বছর পার হয়েছে। শেষমেশ কী যে হবে জানি না।’
এত দিনেও শিক্ষা কার্যক্রম চালু না হওয়ায় এমফিল গবেষণাই বাদ দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম। তিনি বলেন, রিসার্চ ইনস্টিটিউটের বেহাল দশার কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এই গবেষণা ইনস্টিটিউট পরিচালনার জন্য গঠিত বোর্ড অব স্টাডিজের সদস্যসংখ্যা সাত। বোর্ড অব স্টাডিজের পরিচালক হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বোর্ড অব স্টাডিজের অন্যতম সদস্য বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরিফা সালোয়া বলেন, ‘রিসার্চ ইনস্টিটিউটে গবেষণার জন্য গবেষক ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু এর কোনো কার্যক্রমই চালু করা সম্ভব হয়নি। উদ্যোগহীন, দিকনির্দেশনাহীন অবস্থায় পড়ে আছে এই ইনস্টিটিউট।’
গবেষকদের একজন তত্ত্বাবধায়ক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন মতিউর রহমান বলেন, ‘গবেষকেরা বড় বিপাকে পড়েছেন। এত দিনেও আমরা বুঝে উঠতে পারিনি যে আমাদেরই বা কী কাজ।’
এসব বিষয়ে জানতে চাইলে উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, রিসার্চ ইনস্টিটিউটের এখনো কোনো ভবন নেই। কোনো সিলেবাস নেই। মাত্র দুটি কক্ষ বরাদ্দ রয়েছে। এ অবস্থায় ইনস্টিটিউটের নিজস্ব ভবন নির্মাণের জন্য ৭০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সম্প্রতি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
উপাচার্যের এ অবস্থানের ব্যাপারে গত সোমবার রাতে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ভবন না থাকায় এমফিল, পিএইচডির কার্যক্রম শুরু করা যাচ্ছে না, এটা কোনো যৌক্তিক কথা হতে পারে না। যেখানে ইনস্টিটিউটের নয়জন কর্মকর্তা ও ১২ জন কর্মচারী পাঁচ বছর ধরে চাকরি করছেন, সেখানে এ ধরনের কথা অবান্তর। বতর্মান উপাচার্য গত ১৭ মাসের মধ্যে এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি।’