ভল্টে কোটি টাকা জমা রাখা বেআইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিলি ব্যাংক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের ভল্টে বড় অঙ্কের টাকা জমা রাখা সম্পূর্ণ বেআইনি। কিন্তু বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ও একাধিক কুরিয়ার সার্ভিস এই নিয়ম মানছে না। তারা নিজস্ব ভল্টে জমা রেখে প্রতিদিন কোটি কোটি টাকা বহন ও লেনদেন করছে।
১২ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার পর চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত জিফোর সিকিউরিটিজের কার্যালয় থেকে তিন কোটি টাকা চুরি যাওয়ার পর এই বিষয়টি সামনে চলে এসেছে। পুলিশের প্রশ্ন, অবৈধভাবে রাখা এই টাকার নিরাপত্তা কে দেবে? আবার এই টাকা চুরি হলে আসামি ধরা, তদন্ত করা, আদালতে যাওয়া—সব পুলিশকে করতে হয়।
ওই দিন জিফোরের খুলশী কার্যালয়ের ভল্টে ৫৪ কোটি টাকা জমা ছিল বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। এর মধ্যে তিন কোটি টাকা চুরি হয়। জিফোর পুলিশকে জানিয়েছে, এই টাকার মালিক এইচএসবিসি ব্যাংক। বাকি ৫১ কোটির মালিকানা সম্পর্কে জিফোর পুলিশকে কোনো তথ্য দেয়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছে না। তাদের আমরা শেষ পর্যন্ত চিঠি দিয়ে জানতে চেয়েছি, বাকি ৫১ কোটি টাকার মালিক কে বা কারা? কীভাবে তারা টাকা পরিবহন করে, টাকা পরিবহন ও ভল্টে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আছে কি না। তারা কিছুই জানাচ্ছে না।’
খুলশী থানার পুলিশ পরিদর্শক সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহ করে। চুরি যাওয়া তিন কোটি টাকার বিষয়ে জিফোরের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, টাকাগুলো এইচএসবিসি ব্যাংকের।’ তিনি বলেন, ‘জিফোরের ভল্টের একটি বাক্সে কয়েন (মুদ্রা) লেখা ছিল। কয়েনগুলোর মালিকানা কার, সেটাও আমরা জানতে পারিনি।’
জানতে চাইলে জিফোরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) এস এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভল্টের সব টাকা আমাদের। এ বিষয়ে কথা বলার কী আছে?’ একসঙ্গে ৫৪ কোটি টাকা রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বলার কী আছে। আমাদের টাকা আমরা রেখেছি।’
চট্টগ্রাম মহানগর পুলিশের পরিদর্শক সদীপ দাশ প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে জিফোর ছাড়াও সিকিউরেক্স নামের আরেকটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানও বিভিন্ন দপ্তরে নিরাপত্তারক্ষী সরবরাহ এবং বিভিন্ন ব্যাংক টাকা পরিবহন করে আসছে। তিনি বলেন, এ ছাড়া এসএ পরিবহন নামের একটি কুরিয়ার সার্ভিসও সারা দেশে এক স্থান থেকে অন্য স্থানে ফির বিনিময়ে জনগণের টাকা পাঠায়।
সিকিউরেক্স চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রতন মুৎসুদ্দী এ বিষয়ে প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল প্রশ্ন তোলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ও কুরিয়ার সার্ভিস কীভাবে মোটা অঙ্কের টাকা জমা রাখে? আর এই টাকা খোয়া গেলে আইনশৃঙ্খলার অবনতির প্রশ্নে দায় চলে আসে পুলিশের ওপর। অবৈধ কার্যক্রমের দায় পুলিশ নেবে কেন?
পুলিশ কমিশনার বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এসব কার্যক্রম তদারক করলে আমাদের ওপর চাপ কমে আসে। মোটা অঙ্কের টাকা চুরি-ডাকাতির আশঙ্কাও কমে যায়।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুদ কামাল ভূইয়া প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, তফসিলি ব্যাংকের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান ভল্ট বানিয়ে টাকা জমা রাখতে পারবে না। এ ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি।
জিফোরের টাকা চুরির ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে সিটি কলেজের মুয়াজ্জিন বশিরুল আলমকে গ্রেপ্তার ও ৫০ হাজার ছাড়া বাকি সব টাকা উদ্ধার করে। ওই ঘটনায় শহীদুল ইসলাম নামে একজনকে দুই দিন পর গত বুধবার সকালে রাঙামাটি থেকে গ্রেপ্তার করে র্যা ব। জিফোরের নিরাপত্তাকর্মী শহীদুল একাই টাকাগুলো চুরি করেন বলে র্যা ব কার্যালয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন। তাঁর দাবি ছিল, ঈদের সময় কর্মীদের বেতন না দেওয়ায় ক্ষোভ থেকে তিনি এই কাজ করেছেন এবং তাঁর উদ্দেশ্য ছিল এই টাকা গরিবদের দিয়ে দেওয়া। সে জন্য তিনি কোনো টাকা খরচও করেননি।
খুলশী থানার উপপরিদর্শক মো. রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, জিফোরের নিরাপত্তাকর্মী শহীদুল ইসলাম ও মুয়াজ্জিম বশিরুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।