‘ভাই আমার কথা বলতে বলতে চুপ হয়ে গেল...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত নাবিক হাদিসুরের ছোট ভাই ও বোনের আহাজারি। আজ বৃহস্পতিবার সকালে বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে
ছবি: প্রথম আলো

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে গোলার আঘাতে নিহত নাবিক হাদিসুর রহমানের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ছেলে নিহত হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছেন মা-বাবা। শোকে মুহ্যমান পরিবারের অন্য স্বজনেরা। হাদিসুরের মৃত্যুর খবরে এলাকার মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার সকালে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেছেন হাদিসুরের বাড়িতে। তাঁর মা আমেনা বেগম ছেলে হারানোর শোকে মূর্ছা যাচ্ছেন। তিনি বিলাপ করে বলছিলেন, ‘বুধবার হাদিস আমাকে ফোন দিছিল। আমি ডাক্তার দেখায়েছি কি না, জানতে চাইছিল। আমার ছেলে আমাকে বলছে, “মা, তুমি আমাদের ভাইবোনদের পুতুলের মতো করে সাজিয়ে তুলে তুমি কোথায় যাবা। মা, তুমি না বাঁচলে আমরা বেঁচে থেকে কী লাভ।” আইজ আমার বাবাই তো নাই!’

বুধবার বিকেলে হাদিস মুঠোফোনে মা আমেনা বেগম ও ছোট ভাই গোলাম রহমানের সঙ্গে কথা বলছিলেন। মায়ের সঙ্গে কথা বলা শেষে ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার সময়ই বিকট শব্দ শোনা যায়। এরপর ফোনের ওপ্রান্তে আর কোনো সাড়াশব্দ নেই। সংযোগ বিচ্ছিন্ন। বারবার ফোন করেও আর সংযোগ পাওয়া যায়নি। দিনভর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই ছিল পুরো পরিবার ও স্বজনেরা। রাত ১০টার দিকে প্রথম হাদিসুরের মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার।

হাদিসুরের মা আমেনা বেগম ছেলে হারানোর শোকে বিলাপ করছেন আর বার বার মূর্ছা যাচ্ছেন
ছবি: প্রথম আলো

গোলাম রহমান এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্মাতক (সম্মান) প্রথম বর্ষের এই শিক্ষার্থী বলেন, ‘ভাই আমার কথা বলতে বলতে চুপ হয়ে গেল...। আমরা বুঝতে পারিনি, ওরা এত খারাপ পরিস্থিতিতে আছে। আমরা কেবলই উদ্বিগ্ন ছিলাম, শঙ্কায় ছিলাম। কিন্তু মৃত্যুর আগেও আমাদের আশ্বস্ত করেছে ভয় না পেতে। বলছিল, তাঁদের কোনো সমস্যা নেই।’

আরও পড়ুন

কদমতলা গ্রামের বাসিন্দা মো. আবদুর রাজ্জাকের চার ছেলেমেয়ের মধ্যে হাদিসুর মেজ। মাস ছয়েক আগে সর্বশেষ বাড়িতে এসেছিলেন হাদিসুর। তবে পরিবারের সঙ্গে নিয়মিতই যোগাযোগ ছিল। ছেলের মৃত্যুর খবরে আবদুর রাজ্জাক যেন নির্বাক। বাড়িতে অসংখ্য মানুষের ভিড়। সবার মধ্যে তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছেলে হাদিসুরকে খুঁজছেন আর কিছু সময় পর পর বলছেন, ‘কই আমার হাদিসুর, আইছে?’

পরিবারের সদস্যরা বলেন, মেরিন একাডেমি থেকে প্রকৌশলী হওয়ার পর চাকরিতে যোগ দেন হাদিসুর। পরিবার ও দুই ভাইয়ের পড়াশোনা সব মিলিয়ে আর বিয়ের কথা ভাবেননি। চেয়েছিলেন দুই ভাইয়ের পড়াশোনা আরেকটু এগিয়ে নিতে। এবার বাড়িতে ফিরলে বিয়ে করার কথা ছিল। পরিবারের সবাই কনের খোঁজখবর করছিলেন। কিন্তু বিয়ে তো দূরে থাক, জীবনই থেমে গেল হাদিসুরের।

গোলাম রহমান বলেন, ‘আমার বড় ভাই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম। পুরো পরিবার তাঁর ওপর নির্ভরশীল ছিল।’

ছেলের মৃত্যুর খবরে বাবা আবদুর রাজ্জাক যেন নির্বাক
ছবি: প্রথম আলো

বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়। স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন হাদিসুর রহমান (৩২)।

হাদিসুরের চাচা বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, হাদিস ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাস করার পর ২০১৮ সাল থেকে ওই জাহাজে ছিলেন।

আরও পড়ুন