ভাইকে কৌশলে অটোরিকশা থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষণ, চালক গ্রেপ্তার
সিলেট শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রতিবন্ধী কিশোরী (১৭) বোনকে নিয়ে মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরছিলেন বড় ভাই। পথে অটোরিকশাচালক শহরতলীর জাঙ্গাইল এলাকার একটি পাম্পে ভাইকে কৌশলে নামিয়ে দিয়ে দ্রুত প্রতিবন্ধী কিশোরীকে নিয়ে চলে যান। পরে তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কিশোরীর বড় ভাই জালালাবাদ থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রাত ১২টার দিকে অভিযুক্ত অটোরিকশাচালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকের নাম বদু মিয়া (৩২)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের বাসিন্দা। আর কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘বিকেলে ঘটনা ঘটলেও আমরা রাতে খবর পাই। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে আটক করা হয়। কিশোরী ধর্ষণের অভিযোগ করলে তাঁর ভাই বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’