ভাইদের হামলায় প্রাণ গেল আনসার সদস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় নিহত।
প্রতীকী ছবি

হ‌বিগঞ্জ সদর উপ‌জেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইদের হামলায় আহত এক আনসার সদস্য আজ বুধবার দুপু‌রে মারা গেছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সঞ্জব আলী (৩০)। তিনি সদর উপজেলার পইল ইউনিয়নের দালানহাটি গ্রামের বাসিন্দা। তিনি পইল ইউনিয়নে কর্মরত ছিলেন।

থানা-পু‌লিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, তৈয়ব আলী ও আঞ্জব আলীর সঙ্গে তাঁদের ছোট ভাই সঞ্জব আলীর পৈতৃক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। এ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের মধ্যে সংঘর্ষ  হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে সঞ্জব আলীসহ চারজন আহত হন। পরে সঞ্জবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আজ দুপুরে সেখানে ‌চি‌কিৎসাধীন অবস্থায় সঞ্জব মারা যান। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, সঞ্জবের লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তাঁর দুই ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।