ভাইয়ের হাতে ভাই খুন তাঁতশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। একই দিন পৃথক ঘটনায় একজন তাঁতশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আমজাদ হোসেনের বড় ছেলে শামসুল হকের (৪৫) সঙ্গে বাড়ির সীমানা নিয়ে ছোট ছেলে স্থানীয় ইউপি সদস্য আকতার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার বিকেলেও এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় আকতার হোসেন লাঠি দিয়ে শামসুল হককে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সলঙ্গা থানার পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক বলেন, এ ঘটনায় গতকাল শনিবার নিহত ব্যক্তির মেয়ে শারমিন খাতুন একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আকতার হোসেন পলাতক।
এ দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী গ্রাম থেকে শুক্রবার বিকেলে আবদুল আলীমের (২৫) লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রামের শোটকা তালুকদারের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ।
রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম বলেন, আলীম বিষপান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।