ভাইয়ের মারধরের পর মৃত্যু, দাফনে বাধা এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার মানচিত্র

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় মিঠু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এর প্রতিবাদে ওই লাশ দাফনে বাধা দিয়েছেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। অবশ্য ওই ব্যক্তির পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু একজন মানসিক রোগী। তিনি বিয়ে করেননি। মাঝেমধ্যে ভাইসহ পরিবারের অন্য সদস্যদের গালাগাল করতেন। গত রোববার বাড়িতে গালাগাল করতে থাকলে তাঁর বড় ভাই বাবু মিয়া প্রতিবাদ করেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান মিঠু। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে হৃদ্‌রোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

মৃত মিঠু হারাগাছ পৌর এলাকার দালালহাট মাস্টারপাড়ার বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহ দাফনের কথা ছিল। কিন্তু তাতে বাধা দেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, মিঠুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে মিঠু হৃদ্‌রোগে মারা গেছেন বলে ছাড়পত্রে উল্লেখ করা হয়েছে। মিঠুর বড় ভাই বাবু মিয়া বলেন, এমনিতেই মিঠু মানসিক রোগী। সব সময় গালাগাল করতেন। তাঁর ভাইয়ের মৃত্যু নিয়ে একটি পক্ষ মিথ্যা অপ্রচার চালাচ্ছে।

হারাগাছ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। লাশ নিয়ে বাদানুবাদ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠায়।’

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মিঠুর মৃত্যুর ঘটনায় তাঁর দাফন নিয়ে এলাকায় মতবিরোধ দেখা দিয়েছিল। পরে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশ দাফন করতে কোনো বাধা নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।